ঢাকা, শুক্রবার ১৩ এপ্রিল ২০১২, ৩০ চৈত্র ১৪১৮, ২০ জমাদিউল আউয়াল ১৪৩৩
¦
« পূর্ববর্তী সংবাদ
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মির্জা ফখরুলবড় দুর্নীতি হয়েছে, চক্রান্ত বলে এড়ানো যাবে না নিজস্ব প্রতিবেদক
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিবের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনাকে \'সরকারের বড় ধরনের দুর্নীতি\' হিসেবে উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, \'সুরঞ্জিত সেনগুপ্তের সহকারীর গাড়িতে অর্থ পাওয়ার ঘটনা আজ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এ ঘটনায় প্রমাণিত হয়েছে, সরকারের দুর্নীতি আজ ব্যাধিতে পরিণত হয়েছে।\' তিনি বলেন, \'এটাকে এখন কোনোভাবে চক্রান্ত বলে এড়ানো যাবে না। সেখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে।\'
আজ শুক্রবার দুপুরে ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানের পর মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, \'রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তাঁর এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনাকে চক্রান্ত বলেছেন। কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত আসলেই দুর্নীতি করেছেন। নিজের সম্মান ও গণতন্ত্রের রীতিনীতি রক্ষার স্বার্থে ঘটনার সঙ্গে সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি। এখন বলছেন চক্রান্ত হয়েছে। দেশবাসী এ কথা বিশ্বাস করে না।\'
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে \'পুরোপুরি দুর্নীতিগ্রস্ত\' আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত তিন বছরে সরকারের এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর মনে রাখা উচিত, ক্ষমতা চিরস্থায়ী নয়। তিনি যদি এটা চিন্তা করেন, তাহলে দেশের সব মানুষের মতামতকে প্রাধান্য দিতেন। কিন্তু দেশের মানুষ আজ অসহায়। কারো জীবনের নিরাপত্তা নেই।
ডিসিসি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ডিসিসি নির্বাচন নিয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনা হবে। বর্তমান নির্বাচন কমিশনের গঠনপ্রক্রিয়া \'অসাংবিধানিক\' ছিল_এমন অভিযোগ করে তিনি বলেন, \'আমরা এই কমিশন গঠনের বৈধতা নিয়ে প্রথমেই প্রশ্ন তুলেছি। সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। সরকারের এসব কর্মকাণ্ডও অসাংবিধানিক ও বেআইনি। ঢাকাকে বিভক্ত করা আমরা মেনে নিইনি।\'
জোট সম্প্রসারণ প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ১৮ এপ্রিল সংবাদ সম্মেলন হতে পারে। সেখানে দেওয়া হতে পারে এ ঘোষণা।
\'রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা\'র পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বারেক হোসাইন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুউদ্দিন আহমেদ প্রমুখ। এ প্রতিযোগিতায় ডেইলি সানের প্রধান আলোকচিত্র সাংবাদিক জাকির হোসেন প্রথম, যুগান্তরের জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক শেখ নজরুল ইসলাম দ্বিতীয় এবং দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু তৃতীয় পুরস্কার পান। এ ছাড়া অ্যাসোসিয়েশন আয়োজিত প্রদর্শনীতে ৮২ জন প্রতিযোগীর মোট ১৪৫টি আলোকচিত্র স্থান পেয়েছে।
« পূর্ববর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৮০৫৩০৬
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh