ঢাকা, বৃহস্পতিবার ১৪ অক্টোবর ২০১০। ২৯ আশ্বিন ১৪১৭। ০৫ জিলকদ ১৪৩১।
¦
'বীর'বেশে লেবাননে আহমাদিনেজাদ কালের কণ্ঠ ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল বুধবার লেবাননে পেঁৗছেছেন। ইরান সমর্থিত শিয়াপন্থী হিজবুল্লাহ ও পশ্চিমাপন্থী দলের জোট সরকারের মধ্যে যখন বিভেদ চলছে, ঠিক সেই সময় লেবানন সফর করছেন তিনি। এতে করে লেবাননের জোট সরকারের মধ্যে বিভেদ আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি জাতিসংঘ তদন্ত কমিশন জানিয়েছে, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার পেছনে একজন হিজবুল্লাহ নেতা জড়িত আছেন। এ নিয়েই উত্তেজনা চলছে জোট সরকারের মধ্যে। এরই মধ্যে আহমাদিনেজাদের এ সফর।
২০০৫ সালে প্রেসিডেন্ট হওয়ার পর আহমাদিনেজাদের এটাই প্রথম লেবানন সফর। ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গতকাল হাজারে মানুষ বৈরুত বিমানবন্দরে জড়ো হয়। তারা ফুল ছিটিয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে 'বীরের মতো' তাঁকে বরণ করে নেয়। তাঁদের মধ্যে এক শিক্ষার্থী ফাতিমা মাজেহ বলেন, 'আহমাদিনেজাদ লেবাননের জন্য অনেক কিছু করেছেন। আমরা এখানে এসেছি তাঁকে কৃতজ্ঞতা জানাতে কঠিন সময়ে তিনি আমাদের পাশে ছিলেন, তাই আমরা আজ এখানে এসেছি।'
আহমাদিনেজাদের সফর নিয়ে অনেকে বিরূপ মন্তব্যও করেছেন। ২৩ বছরের খ্রিস্টান তরুণী মোনা বলেন, 'আমি তাঁর সফরে বিরক্ত। তিনি আমাদের জন্য সমস্যা নিয়ে এসেছেন।'
দুই দিনের সফরকালে আহমাদিনেজাদ লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেইমান ও প্রধানমন্ত্রী সাদ হারিরি ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে দেখা করবেন। এ ছাড়া তিনি লেবানন-ইসরায়েলের সীমান্তবর্তী বিন্ত জেবিল শহর ও কানা গ্রামে যাবেন। ২০০৬ সালে এসব এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, নাসরুল্লাহর সঙ্গে আহমাদিনেজাদের বৈঠকটিই বেশি গুরুত্বপূর্ণ।
আহমাদিনেজাদের সফর শুরুর আগে লেবানিজ জোট সরকারে হিজবুল্লাহবিরোধীরা এক বিবৃতিতে অভিযোগ করে, আহমাদিনেজাদ লেবাননকে ইরানের ঘাঁটি তৈরির পাঁয়তারা করছেন। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও তাঁর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র : বিবিসি, এএফপি ও গার্ডিয়ান।


আজকের পাঠকসংখ্যা
১৬৭৭৮৩৬
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh