ঢাকা, রবিবার ৬ মে ২০১২, ২৩ বৈশাখ ১৪১৯, ১৩ জমাদিউস সানি ১৪৩৩
¦
দেশ চালানোর রূপরেখা
তুলে ধরলেন খালেদা
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় যেতে পারলে কিভাবে দেশ পরিচালনা করবে- এর একটি রূপরেখা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, তাঁর দল ক্ষমতায় যেতে পারলে সুশীল সমাজকে গুরুত্ব দেবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, পদ্মা সেতু নির্মাণ ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করাসহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেও বিএনপি কাজ করবে।
গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বিএনপির চেয়ারপারসন তাঁকে জানান, যুক্তরাষ্ট্রে গিয়ে হিলারির সঙ্গে দেখা করতে চাওয়ার পরও সেটা সম্ভব হয়ে ওঠেনি। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হওয়া এবং সন্তানদের কাছ থেকে দূরে থাকার বিষয়টিও তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। এ সময় খালেদা জিয়া কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বলে একটি সূত্রে জানা গেছে।
আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত- এ বিষয়টি বিএনপি উল্লেখ করলে হিলারি বলেন, যুক্তরাষ্ট্র আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণের মাধ্যমে দেখতে চায়। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
জানা যায়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও বর্তমান সরকারের কর্মকাণ্ডের দুর্বল দিকগুলো তুলে ধরা হয়। বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশ পরিচালনা কিভাবে করবেন, এর একটি রূপরেখা তুলে ধরেন খালেদা জিয়া। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ আগামী নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, সে জন্য হিলারির কাছে সহযোগিতাও দাবি করেন তিনি। বৈঠকের সময় বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর শিশুকন্যা সাইয়ারা নাওয়ালও উপস্থিত ছিল। বৈঠক শেষে হিলারির হাতে ইলিয়াসের মেয়ে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে ইংরেজিতে লেখা একটি চিঠি তুলে দেয়। তখন হিলারি বলেছেন, 'তোমার বাবাকে যেন খুঁজে পাওয়া যায়, বিষয়টি আমি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বলে যাব।'
বৈঠক শেষে হিলারির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিং করে সাংবাদিকদের জানান, বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করার বিষয়টিও ওয়াশিংটন প্রত্যাশা করছে। বৈঠকে হিলারি বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। তাতে সব দল অংশ নিক। আলোচনার মাধ্যমে সব দলের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ তৈরি করা হোক। জবাবে খালেদা জিয়া জানান, তাঁর দলও চায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচনে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার চেষ্টা করবে বলেও হিলারিকে জানান বিরোধীদলীয় নেতা। এক প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়াসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
গতকাল রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান পরাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এক ঘণ্টা বৈঠক করে রাত ১০টা ২২ মিনিটের দিকে হিলারি বের হয়ে যান। হিলারি ও খালেদা জিয়ার বৈঠকের আগে সন্ধ্যার পর খালেদা জিয়ার বাসার নিয়ন্ত্রণ নেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মীরা। খালেদা জিয়ার বাসায় হিলারির আগমন উপলক্ষে আগে থেকেই পুরো গুলশান এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশ আর র‌্যাব ছাড়াও মোতায়েন করা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এফবিআই)। বন্ধ করে দেওয়া হয় গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোড।
হিলারি ক্লিনটনের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের সময় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। ইলিয়াসের মেয়ে বৈঠকে উপস্থিত থাকলেও ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বিএনপির চেয়ারপারসনের বাসভবনের বাইরে প্রায় ৫০০ গজ দূরে একটি গাড়িতে বসে ছিলেন বলে জানা যায়।
আজ প্রণবের সঙ্গে বৈঠক : এদিকে বাংলাদেশ সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আজ রবিবার বিএনপির চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বৈঠক হওয়ার কথা রয়েছে। তাঁর সঙ্গে ভারত ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি দ্রুত সই ও সীমান্ত নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হবে বলে জানা গেছে।
আজকের পাঠকসংখ্যা
৭৭১৪৫২
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh